শরতের শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন শরতের শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন - ajkerparibartan.com
শরতের শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন

3:16 pm , October 3, 2022

বিশেষ প্রতিবেদক ॥ শরতের শেষ প্রান্তের বর্ষণসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দক্ষিণাঞ্চলের উপকূলভাগ জুড়ে গত দুইদিন স্বাভাবিক জীবনযাপন অনেকটাই বিপর্যস্ত। বঙ্গোপসাগর থেকে সঞ্চালনশীল মেঘমালা উপকূলভাগ হয়ে দক্ষিণাঞ্চলে ধেয়ে এসে বৃষ্টি ঝড়াচ্ছে। দুই দিনের বর্ষণে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ছন্দপতন ঘটেছে। রোববার শেষ রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বরিশালে প্রায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। গতকাল সকাল থেকে দক্ষিনাঞ্চলের আকাশে মাঝারীÑকালো মেঘমালায় ছেয়ে ছিল এবং দুপুরের পরেই হালকা থেকে মাঝারী বর্ষণ হয়। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বরিশাল মহানগরীতে ৮ মিলিমিটার বৃষ্টি হয়। বিকেলে বৃষ্টির পরিমান কিছুটা বাড়ে। এই হালকা থেকে মাঝারী বর্ষণে জনজীবনে ছন্দ পতন ঘটেছে। সবগুলো নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হলেও পায়রা সমুদ্র বন্দরে কোন সতর্ক বার্তা নেই। নদ-নদীর পানি এখনো বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে আসন্ন পূর্ণিমায় পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে শঙ্কিত দক্ষিণাঞ্চলের কৃষকরা। বিগত দুই মাসের পূর্ণিমাতেই দক্ষিণাঞ্চলে অতিবর্ষণ, ফুসে ওঠা সাগরের জোয়ারের প্লাবনে আমন বীজতলা ও রোপা আমনসহ উঠতি আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি খরিপ-২ মৌসুমে দক্ষিণাঞ্চলে প্রায় ৭ লাখ হেক্টরে আমন আবাদের মাধ্যমে সাড়ে ১৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে কৃষি মন্ত্রনালয়ের। এমনকি সদ্য সমাপ্ত খরিপ-১ মৌসুমে বৃষ্টির অভাবে দক্ষিণাঞ্চলে আউশের আবাদ ছিল লক্ষ্যমাত্রার প্রায় ২৫ হাজার হেক্টর কম।
ক্ষতির কবলে পড়েছে গ্রীষ্মকালীন সবজীসহ আগাম শীতকালীন সবজিও। ফলে বাজারে সরবারহ হ্রাসের সাথে সব ধরনের সবজীর দাম বেড়েছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বাজারে এখন ৮০ টাকা কেজির নিচে কোন সবজি মিলছে না।
আবহাওয়া বিভাগের মতে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্যÑবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ দেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দক্ষিণাঞ্চলসহ সারা দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। দক্ষিণাঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনার কথা বলছে আবহাওয়া বিভাগ। তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও মঙ্গলবারের পরবর্তী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পাবার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT