3:35 pm , October 2, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৩ অক্টোবর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকী দিয়েছে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। রোববার ১০ দফা দাবী আদায়ে বরিশাল নগরীতে এক প্রস্তুতি সভায় এ হুশিয়ারী দিয়েছেন নেতৃবৃন্দ।
বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. কামাল হোসেন জানান, ট্যাংকলরী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যুনতম মজুরী কাঠামো নির্ধারণ, নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা বীমা সুবিধা প্রদান, ট্যাংকলরী টার্মিনাল নির্মানসহ ১০ দফা দাবী আদায়ে কর্মসুচী ঘোষনা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সরকার তাদের দাবী নিয়ে কোন আলোচনা না করলে কর্মবিরতি শুরু করা হবে বলে জানিয়েছেন শেখ কামাল।
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে নগরীর বান্দরোড যমুনা অয়েল ডিপোর চত্ত্বরে বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম রেজা। সভায় ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল মতিন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মো. মাসুম খন্দকার। শেখ কামাল বলেন, ট্যাংকলরী শ্রমিকদের নিয়োগবিধি এবং ন্যুনতম মজুরী আজ পর্যন্ত নির্ধারণ করা হয়নি। জ্বালানী তেল এবং নিত্য পন্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়লেও শ্রমিকদের মজুরী বাড়ানো হয়নি। এ কারনে তারা মানবেতর জীবন যাপন করছেন।
তিনি বলেন, আগামী ২২ অক্টোবরের মধ্যে ১০ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবী আদায় না হলে ২৩ অক্টোবর থেকে বরিশাল বিভাগে ট্যাংকলরী শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবে বলে হুশিয়ারী দেন। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম রেজা বলেন, আমরা একটি জরুরী সেবার সাথে আছি। আমরা এই সেবা প্রদান বন্ধ করতে চাই না। আমরা চাই কে আমাদের বেতন দিবে, কে আমাদের নিয়োগপত্র দিবে, সেটা সরকার নির্ধারণ করে দিক। আমাদের দাবী মানার জন্য সরকারকে জানিয়েছি, চিঠিপত্র দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবী মানা না হলে আমরা গোটা দেশে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।
