2:42 pm , October 2, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য ও তাদের সহযোগী ২ স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার দুপুরে নগরীর বটতলা এলাকায় উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার আলী আশরাফ ভূঞা। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো : জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়ীয়া ইউনিয়নের বাসীন্দা আল আমিন শরীফ, খোকন শরীফ, হালিম শরিফ, মামুন ডাকুয়া, স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ সরকার ও শ্যামল কুমার দাস।
উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা জানান, গত ২০ সেপ্টেম্বর নগরীর বন্দর থানার চাঁদপুরা ইউনিয়নে আমিনুল ইসলামের বাড়িতে ৭ থেকে ৮ জনের একটি দল ডাকাতি করে। এ ঘটনায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। পরে ৪ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। এদের সবার বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলায়।এছাড়া সবার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই চক্রটিকে ডাকাতির সহায়তা সহ লুটের মালামাল ক্রয় করে গোবিন্দ সরকার ও শ্যামল কুমার দাস নামে দুই স্বর্ণ ব্যবসায়ী। পরে তাদেরও গ্রেপ্তার করা হয়। নগরীর কালিবাড়ি রোড থেকে গ্রেপ্তারকৃত স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ সরকারের উত্তম অলংকার ভবন নামে একটি স্বর্ণের দোকান আছে। একই এলাকার স্বর্ণ ব্যবসায়ী শ্যামল কুমার দাসের দোকান আছে এসডি গিনি হাউজ নামে।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, এই ঘটনায় লুটকৃত ২ ভরি স্বর্ণ, ৩৫ হাজার নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেইঞ্জ, শাবল, স্ক্রু ড্রাইভার ও একটি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডাকাত দলের অন্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আল আমিনের নামে তিনটি মামলা, খোকন শরীফের নামে ৮টি মামলা, হালিম শরীফের নামে ২টি ও মামুন ডাকুয়ার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
