3:57 pm , September 30, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বাসে ঢাকা থেকে বরিশালে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইন্সুরেন্স কোম্পানীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে স্বজন ও পুলিশ জানিয়েছে। মৃত দেলোয়ার হোসেন বাবু (৪০) নগরীর ২৪নং ওয়ার্ডের দক্ষিণ রুপাতলি হাওলাদার বাড়ির মৃত আশ্রাব আলির ছেলে। সে মেঘনা লাইফ ইন্সুরেন্সে ঢাকায় কর্মরত ছিলেন। শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার চারটার দিকে বাসে ঢাকা থেকে বরিশাল আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে লাশের সাথে থাকা বাবুর বড় ভাই মো. আলউদ্দিন জর্জের বন্ধু রুহুল জমাদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুগন্ধা পরিবহনের একটি বাসে বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। বরিশালে আসার পর বাস কর্তৃপক্ষ তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে জজকে খবর দেয়। তারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।
রুহুল জমাদ্দার জানান, চার কন্যা সন্তানের জনক বাবুর মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোন মামলা করতে আগ্রহী নয়। তবুও পুলিশ লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী কোতয়ালী মডেল থানার এসআই মো. রুম্মান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, এটি একটি হত্যাকান্ড। ঢাকা থেকে বরিশাল আসার পথে এ ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যে কোন সময় এ ঘটনায় জড়িত আটক হতে পারে। তখন উদ্ধার হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
