3:12 pm , September 29, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় বের হবে। পড়ালেখার পাশাপাশি শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপ পুলিশ কমিশনার মো: আলী আশরাফ ভূঁইয়া বিপিএম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল ও বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো: রিয়াদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় ছেলেদের ১০টি এবং মেয়েদের ১০টি দল অংশগ্রহণ করবে। গতকাল প্রথম দিনে প্রথম রাউন্ড খেলা শেষ হয়। আজ ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
