3:50 pm , September 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ রওশন এরশাদের ছবির ব্যানার খুলে ফেলায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি স্বাক্ষরিত ওই শোকজ নোটিশ বুধবার পাঠানো হয়েছে। নোটিশে অধ্যক্ষ হাবুলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে তার কারন জানাতে বলা হয়েছে। অধ্যক্ষ হাবুল শোকজ নোটিশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, জেলা জাপার সভার ব্যানারে রওশন এরশাদের ছবি থাকায় ক্ষুদ্ধ হয়ে নেতাকর্মীরা ওই ব্যানার খুলে ফেলেন। তিনি এটাকে সমর্থন করেন। কারন রওশন এরশাদ দলের বিরুদ্ধে সরকারের সঙ্গে আঁতাত করছেন। তার ছবি দলের কোথাও থাকতে পারে না। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেলা জাপার বর্ধিত সভায় দলীয় কো চেয়ারম্যান এবিএম রূহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতœা আমিন এমপি উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে সভা বানচালের জন্য অধ্যক্ষ হাবুলের অনুসারীরা সভার ব্যানার খুলে ফেলে ও বিশৃঙ্খল পরিবেশ করে সভার পরিবেশ নষ্ট করেছে। এসময় অধ্যক্ষ হাবুল সভাস্থলের ভবন কীর্তণখোলা মিলনায়তনের নিচতলায় অবস্থান করছিলেন। তার ইন্ধনেই অনুসারীরা এ কাজ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
