3:49 pm , September 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরের সাতলায় সরকারী জমি দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের নির্দেশে উপজেলা ভূমি অফিসের দুইজন সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে জমির সীমানা চিহিৃত করে লাল নিশান টানিয়েছে। শীঘ্রই মোতালেব বিশ্বাসের দখলে থাকা সরকারী জমি দখলমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সাতলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আলামদী গ্রামের মৃত মোহাম্মদ আলি বিশ্বাসের ছেলে মোতালেব বিশ্বাস সাতলা ব্রীজের এ্যাপ্রোস সড়কের সরকারী জমি দখল করে ৩০ থেকে ৩৫টি দোকানঘর নির্মাণ শুরু করে। পৈত্রিক সূত্রে ওই জমির দাবীদার রিন্টু হাওলাদার ও চাপলুস হাওলাদারের সাথে বিরোধ দেখা দেয়। স্থাপনা নির্মানে বাধা দিলেও ক্ষমতার দাপটে প্রতিপক্ষরা দোকান ঘর নির্মান করে। এ নিয়ে জমির দাবীদার রিন্টু হাওলাদার ও চাপলুস হাওলাদার ইউনিয়ন পরিষদে মোতালেব বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে বেদখলকৃত সরকারী ভূমি পরিমাপ করে সীমানা নির্ধারনের জন্য ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অনুরোধ করেন। সরকারী সম্পত্তি চিহ্নিত করতে রোববার উপজেলা ভূমি অফিসের দুইজন সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে সরকারী সম্পত্তি চিহ্নিত করেন। পরিমাপে সরকারী সম্পত্তি দখল করেই ঘর নির্মানের বিষয়টির প্রমান মেলে। নির্মান করা ঘরের প্রায় পুরোটাই সরকারী সম্পত্তির উপর রয়েছে বলে জানান সার্ভয়ার মো. জালাল উদ্দীন । তিনি জানান, ৩০টি ঘরের সবগুলোই সরকারী জায়গায় নির্মাণ করা হয়েছে। সরকারী সম্পত্তি চিহ্নিত করে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সাতলা ইউপি চেয়ারম্যান মো : শাহীন হাওলাদার বলেন, সরকারের জমি দখলমুক্ত রাখতে এবং দুই পক্ষের উত্তেজনা নিরসনের জন্য চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে মোতালেব বিশ্বাস হয়রানী করার জন্য আদালতে মামলা দায়ের করেন। তিনি বলেন, মোতালেব বিশ্বাস যে সরকারী সম্পত্তি দখল করে রেখেছে সার্ভেয়ার তার প্রমান পেয়েছে। মোতালেব বিশ্বাস এর কবল থেকে সরকারী জমি দখলমুক্ত করতে গিয়ে তিনি হয়রানীর শিকার হয়েছেন।
