3:46 pm , September 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক তুখোর ছাত্র নেতা এ্যাড. আনিচুজ্জামান আনিচ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একইসাথে কাউন্সিলে জাসদের স্থায়ী কমিটির সর্বসম্মতি ও সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসদ জোটগতভাবে কিংবা এককভাবে নির্বাচন করলে এ্যাড. আনিচুজ্জামান আনিচকে বরিশাল-২ (বানারীপাড়া -উজিরপুর ) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবরে বরিশাল -২ (উজিরপুর বানারীপাড়া) জাসদ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সারাদেশের কাউন্সিলাররা অংশ নেন। এসময় সর্ব সম্মতিক্রমে বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান বিএম কলেজ এর সাবেক তুখোর ছাত্র নেতা এ্যাড আনিচুজ্জমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে সর্ম্পৃক্ত রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (বানারীপাড়া -উজিরপুর ) সংসদীয় আসনে জাসদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে কোন জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংগঠনিকভাবে। ইতিমধ্যে জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান আনিচকে বরিশালে বিশেষ করে উজিরপুর ও বানারীপাড়ায় দলকে সুসংগঠিত করে সকলকে নিয়ে এলাকায় কাজ করার নির্দেশ দেন। দলের সভাপতি ও সাধারন সম্পাদকের এমন নির্দেশনার পর আনিচের পাশাপাশি তার কর্মী সমর্থকরা এলাকায় দলীয় কর্মকান্ড শুরু করে দিয়েছেন। শীঘ্রই বানারীপাড়া ও উজিরপুরে দলীয় কর্মসূচি পালন করা হবে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে জাসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনিচুজ্জামান আনিচ বলেন, দীর্ঘ দিন ধরে তিনি ছাত্র রাজনীতি ও জাসদের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি উজিরপুর ও বানারীপাড়া সংসদীয় আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, ছাত্র রাজনীতি করাকালীন সময়ে আমি সবসময় গরীব অসহায় ও সাধারন শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। আর যদি সুযোগ পাই তবে সারা জীবন গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবো।
