2:55 pm , September 27, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার ডেঙ্গুবাহী রোগী প্রবেশ করছে বরিশালে। যে কারনে বরিশালে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি মাসে চারজন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ৪৬ জন। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি আছে ১৭ জন। তবে আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে অসুস্থ হয়ে বরিশাল এসেছেন বলে দাবি বরিশাল স্বাস্থ্য বিভাগের। এদিকে এডিস মশা নিধনে কাজ শুরু করেছে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরগুনার পাথরঘাটা এলাকার দিনমজুর জয়দেব দাস। সাতদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। শুধু জয়দেব নন, ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসে মারা গেছেন ৪ জন। আক্রান্তদের রক্তে প্লাটিলেটের শূন্যতা পূরণে ব্যবহৃত সেল সেপারেটর মেশিনও নেই এ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রোগীদের পাঠানো হয় রাজধানীতে। তবে বরিশাল স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, বরিশালে এখন যেসব ডেঙ্গু রোগী আছেন তাদের মধ্যে বেশির ভাগই ডেঙ্গু রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন। বরিশালে অবস্থান করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা খুবই কম। তারপরও স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে বরিশাল বিভাগে ৩৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
