3:47 pm , September 25, 2022
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে
পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহারাজ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে রবিবার দুপুরে পিরোজপুরে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ ঘোষনা দেন ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহারাজ। মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন মহারাজ লিখিত বক্তব্যে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, বিরোধীদল এ নির্বাচনে অংশগ্রহন করেনি সুতারং এই নির্বাচন উন্মুক্ত থাকবে ভেবে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। যেহেতু তিনি মনে প্রানে আওয়ামী লীগ করেন তাই দলের প্রতি এবং দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে দল সমর্থিত প্রার্থী শহীদ পরিবারের সন্তান ৬১ জেলার একমাত্র দলীয় সমর্থিত নারী প্রার্থী সালমা রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তিনি তার ভোটার সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সময়ের সল্পতার কারনে আমি আপনাদের সবার অনুমতি নিতে পারি নাই, অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম আগামী দিন গুলিতেও আমি আপনাদের পাশে থাকব।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, সহ সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, দলীয় সমর্থিত নারী প্রার্থী সালমা রহমান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এর পরই তিনি জেলা সভাপতি সহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন। এ ছাড়াও বাকী ২ স্বতন্ত্র প্রার্থীও তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় সালমা রহমান হেপির আর কোন প্রতিদ্বন্দ্বি রইলো না।
