ময়না তদন্ত বিঘ্নিত ॥ ৬ মাস থেকে আসেনা ভিসেরা রিপোর্ট ময়না তদন্ত বিঘ্নিত ॥ ৬ মাস থেকে আসেনা ভিসেরা রিপোর্ট - ajkerparibartan.com
ময়না তদন্ত বিঘ্নিত ॥ ৬ মাস থেকে আসেনা ভিসেরা রিপোর্ট

3:53 pm , September 24, 2022

বিশেষ প্রতিবেদন ॥ ৬ মাস থেকে বরিশালে আসছে না ময়না তদন্তের ভিসেরা রিপোর্ট। এ কারনে অনেকটা ফাইল বন্ধি হয়ে আছে ৩০০টি অপমৃত্যু ও হত্যা মামলার কার্যক্রম। আলামত ক্ষতিগ্রস্থ হবার শংকা দেখা দিয়েছে।
ঢাকাস্থ প্রধান রাসায়নিক পরীক্ষাগার থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে ভিসেরা রিপোর্ট সর্বশেষ এসেছিলো এ বছরের ২৮ মার্চ। এ বছরে এর পর আর কোন রিপোর্ট আসেনি। মেডিকেল কলেজ সুত্র মতে ময়না তদন্তের পর এ বছরে এ পর্যন্ত বরিশাল থেকে ঢাকা ৩৬০টি হত্যা , আত্মহত্যা ও অপমৃত্যুর ভিসেরা রিপোর্ট সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বরিশালে রিপোর্ট এসেছে মাত্র ৬০টি। প্রায় ৮৩% ভিসেরা রিপোর্ট মাসের পর মাস ঢাকায় জমা পড়ে আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিসেরা সামগ্রীতে যে প্রিজারভেটিভ দেয়া হয় তারও একটা নির্দিস্ট মেয়াদ থাকে। এতো বিলম্বের কারনে ভিসেরা সামগ্রিতে পচনের শংকা রয়ে যাচ্ছে। এমনটা হলে ভিসেরা রিপোর্ট সম্পূর্ন উলটো হতেও পারে বলে জানান ডা মোঃ রেফায়েতুল হায়দার যিনি বিভাগীয় প্রধান, ফরেন্সিক মেডিসিন বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। একই কথা বলেছেন শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর অধ্যক্ষ ডা অধ্যাপক মনিরুজ্জামান শাহীন।
প্রত্যেকটি হত্যা আত্মহত্যা কিংবা অপমৃত্যুর পর আইনত এর ময়না তদন্তের প্রয়োজন হয়। ময়না তদন্তের প্রথম পর্ব সমাপ্ত হয় স্থানীয় মর্গে আর চুড়ান্ত পর্ব নির্ধারিত হয় ভিসেরা রিপোর্টে। বরিশালের ভিসেরা রিপোর্ট পেতে ঢাকাস্থ প্রধান রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। অজ্ঞাতকারনে এখান থেকে তা সরবরাহ বন্ধ রয়েছে দীর্ঘদিন। বরিশাল মেট্রোপলিটন এলাকারও ৭টি হত্যা ও ১৮০টি অপমৃত্যুর ভিসেরা রিপোর্ট ঝুলে আছে দীর্ঘদিন। এ অবস্থায় পুলিশি কার্যক্রমে যেমন মামলার অগ্রগতি হচ্ছে না তেমনি থেমে থাকছে পুরো আইনি কার্যক্রম বলে জানান ওসি কোতয়ালী মোহাম্মদ আজিমুল করীম এবং সিনিয়র আইনজীবী দিলীপ ঘোষ।
বরিশাল মেট্রোপুলিশের পক্ষ থেকে বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, হত্যা ও অপমৃত্য মামলার জট ও দীর্ঘসূত্রিতা ঠেকাতে অবিলম্বে যাতে বরিশালে ভিসেরা রিপোর্ট দ্রুত সরবরাহ করা হয় তার ব্যবস্থা গ্রহন করা হবে। তাদের মতে মামলার দীর্ঘসুত্রিতায় বিচারপ্রার্থিরা আস্থা হারায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT