3:21 pm , September 23, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ কাবিননামার টাকা না পেয়ে বরিশাল নগরীতে এক নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ নারী মোর্শেদা বেগম (৩০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে নিউ ভাটিখানা এলাকার মো. সোহেল রানা হাওলাদারের তালাকপ্রাপ্তা স্ত্রী। কাউনিয়া থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান, মোর্শেদার সাথে স্বামী সোহেল রানা হাওলাদারের তিন চারমাস পূর্বে ডিভোর্স হয়েছে। খোরপোষ ও কাবিননামার অর্থ দাবি করে পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন মোর্শেদা। বৃহস্পতিবার বিষয়টি সুরাহা হওয়ার কথা ছিলো। কিন্তু ওই দিন ঘটনার সুরাহা হয়নি। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নেয়া নেয় ছেলে পক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী সোহেল রানার ঘরের বাইরে বাথরুমে প্রবেশ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মোর্শেদা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক জানিয়ে এসআই বলেন, চিকিৎসকরা দ্রুত মোর্শেদাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। আহত মোর্শেদার পিত্রালয়ের বিস্তারিত কোন তথ্য না পাওয়ায় স্বজনদের খবর দেয়া যাচ্ছে না বলে এসআই শহীদুল ইসলাম জানিয়েছেন।
নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, কাবিননামার ৫০ হাজার টাকা না দেয়ায় তালাকপ্রাপ্তা এক নারী নিজের শরীরে আগুন দিয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানিনা।
