বানারীপাড়ায় ডেঙ্গু জ্বরে যুবতীর মৃত্যু বানারীপাড়ায় ডেঙ্গু জ্বরে যুবতীর মৃত্যু - ajkerparibartan.com
বানারীপাড়ায় ডেঙ্গু জ্বরে যুবতীর মৃত্যু

3:54 pm , September 21, 2022

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ ফুলের মত মুন সত্যিকারের চাঁদের মতই ছিল। অসম্ভব মেধাবী ও ধর্মভিরু মুন অঙ্কুরেই ঝড়ে গেল। ডেঙ্গুজ্বর মাত্র ২৩ বছরের জীবন প্রদীপ নিভিয়ে দিল। মুনের স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জন করে শুধু পরিবারেই নয় দেশজুড়ে আলো ছড়াবে। ভূমিকা রাখবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে। সে স্বপ্ন অকালেই তাসের ঘরের মত চুরমার হয়ে গেল। মহুয়া আক্তার মুন আইইউবি বিশ্ববিদ্যালয়ের সিএসসি ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।
প্রায় সপ্তাহ খানেক ধরে ডেঙ্গুজ্বরের সঙ্গে লড়াই করে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ঢাকার বাসাবোর বাসায় ১৮ সেপ্টেম্বর মারা যায় সে। ওই দিন দুই দফা জানাজা শেষে বাদ আসর বানারীপাড়ার গাভা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। মঙ্গলবার বাদ আসর পশ্চিম গাভা জামে মসজিদে মুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
মুন ঢাকা ওয়াসার শ্রমিক লীগ নেতা, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদের সহ সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকাস্হ বরিশাল বিভাগ সমিতির আজীবন সদস্য, এবং বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী গাভা হাই স্কুলের একাধিক বারের শিক্ষানুরাগী সদস্য আঃ মান্নানের এক মাত্র মেয়ে।
মুনকে হারিয়ে বাবা-মা ও ছোট দুই ভাই পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। স্বজন,শিক্ষক সহপাঠী,পরিচিতজন, প্রতিবেশীজন সবার চোখে কান্নার সাঁতার। এদিকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক মুনের কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT