3:28 pm , September 20, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি মেয়রের হস্তক্ষেপে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বরিশাল বিভাগীয় কার্যালয়ে এক বৈঠকের পর বাস চলাচল শুরু হয়েছে। বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, ডিআইজি আক্তারুজ্জামান, দুরপাল্লার পরিবহন প্রতিনিধি, বরিশাল-বরগুনা-পটুয়াখালী বাস মালিক-শ্রমিকদের নিয়ে ওই বৈঠক হয়। বৈঠকে বিভাগীয় কমিশনার ও ডিআইজি সমস্যা সমাধানের জন্য বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অনুরোধ করেন। এতে সাড়া দিয়ে বরগুনা জেলার মানুষের দুর্ভোগ ও কষ্ট লাগবে সিটি মেয়র পূর্বের মতো বাস চলাচলের নির্দেশ দিয়েছেন। তবে দুরপাল্লার পরিবহনে লোকাল যাত্রী না উঠানোর নির্দেশ দিয়েছেন মেয়র। মালিক-শ্রমিকরা তার নির্দেশনা মেনে নেয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বাকেরগঞ্জ হয়ে ঢাকা-বরগুনা রুটে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচল শুরু করে। বরগুনা দূরপাল্লার যাত্রী পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ইমাম হাসান রোকন বলেন, বাকেরগঞ্জ ও বরগুনার সডকে গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। চালক, হেলপারদের মারধর করা হয়, তাদেরকে গাড়ির নিচ দিয়ে এ পাশ ও পাশ করানো হয়। রুপাতলী বাসমালিক শ্রমিকদের নির্যাতন ও গাড়ি চলাচলে বাধার কারনে অনিদিষ্টকালের জন্য বরগুনা থেকে ঢাকাসহ দুরপাল্লার সকল গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়।
