চোরাই ১২ মোবাইল সেট উদ্ধার করলো পুলিশ চোরাই ১২ মোবাইল সেট উদ্ধার করলো পুলিশ - ajkerparibartan.com
চোরাই ১২ মোবাইল সেট উদ্ধার করলো পুলিশ

3:22 pm , September 19, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১২ টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরৎ দিয়েছে পুলিশ। গতকাল সোমবার বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মোবাইল সেট মালিকদের কাছে তুলে দেয়া হয়েছে। মোবাইল সেট প্রকৃত মালিকদের কাছে তুলে দেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বরিশালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার পিপিএম, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল)আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, জেলা পুলিশের আইসিটি শাখা ও ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ১২ টি মোবাইল ফোন শনাক্ত পূর্বক উদ্ধার করে। এর মধ্যে বাকেরগঞ্জ থানায় ৪টি, আগৈলঝাড়া থানায় ৩টি, গৌরনদী মডেল থানায় ৩টি, বানারীপাড়া ও বাবুগঞ্জ থানা এলাকা থেকে একটি করে মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট থানায় মোবাইল মালিকরা সাধারণ ডায়েরি (জিডি) করা করার পর উদ্ধার কার্যক্রম শুরু করেন জানিয়ে সুদীপ্ত সরকার বলেন, সেটগুলো খোয়া যাওয়ার পর বার বার হাত বদল হয়। এছাড়াও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে। তাই মোবাইল সেটগুলোর সন্ধান পেতেও কিছুটা বিলম্ব হয়। তবে আগৈলঝাড়া থানায় গত ৫ সেপ্টেম্বর খোয়া যাওয়া সেট জিডির দুই সপ্তাহের মধ্যে উদ্ধার করা হয়েছে।
মোবাইল সেট হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করে মাসুদ হাওলাদার বলেন, এই সেট ফিরে পাবো এটাই ভাবিনি। সেখানে আবার মাত্র দুই সপ্তাহের মধ্যে ফিরে পেয়েছি।
কাঠমিস্ত্রি ইন্দ্রজিৎ হালদার বলেন, নিজের টিফিনের টাকা জমিয়ে ছেলে তন্ময় হালদার মোবাইল সেটটি কিনে দিয়েছিলো। কিন্তু সেটি কিভাবে হারিয়েছি, তা নিজেই বলতে পারছিলাম না। খুঁজে না পেয়ে গত ২৩ মার্চ আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করি। এরপর দীর্ঘদিন ধরে কোন খোঁজ খবর না থাকায় সেটটির আশা ছেড়ে দিয়েছিলাম। কখনো ভাবিনি এতোদিন পর ছেলের কষ্টের টাকায় দেয়া মোবাইলটি ফিরে পাবো। আর হাতে মোবাইলটি পেয়ে তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি।এ বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ভিকটিম বা ভুক্তভোগীদের মুখে হাঁসি ফোটাতে পারলেই আমাদের আনন্দ। সবাইকে পুলিশের প্রতি আস্থা রাখতে হবে, অনাস্থার কিছু নেই। আজ উদ্ধার হওয়া ফোন সেকেন্ড হ্যান্ড ও থার্ড হ্যান্ড থেকে উদ্ধার করেছি যারা কিনে সেটগুলো ব্যবহার করছিলো । মূল অপরাধীদের গ্রেফতার করে অবশ্যই আইনের আওতায় আনবো। তিনি বলেন, অপরাধ ও অপরাধীদের দমনে আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে সবাইকে। বিভিন্ন বাজার এলাকায় আমাদের পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে। আশাকরি চোর বা ছিনতাইকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT