3:29 pm , September 18, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক সেবন করে বাবা-মাকে মারধরকারী মাদকাসক্ত সন্তানকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মায়ের দেয়া অভিযোগে শনিবার রাতে গাঁজাসহ সন্তানকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মো. সাখাওয়াত হোসেন মাদকাসক্ত সন্তানকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দেন। দন্ডিত কাজী সানোয়ার শুভ (২৬) উপজেলার ভালুকশী গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে। আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, সাজা পরোয়ানায় রোববার দুপুরে শুভকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, শুভ নিয়মিত মাদক সেবন করে। মাদক ক্রয়ের জন্য জোর করে টাকা নিতো। এছাড়াও মাদক সেবনে বাঁধা দিলে পরিবারের সদস্যদের মারধর করতো। এ ঘটনায় শুভ‘র মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ শুভকে আটক করা হয়। রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
