3:57 pm , September 14, 2022
বর্ধিত সভায় আবুল হাসানাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দলীয় মনোনয়ন পাওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীরকে নির্বাচিত করার জন্য ভোটারদের আহবান করা হয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোঃ মইদুল ইসলাম সহ জেলার ছয়টি পৌরসভার মেয়র, দশ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকগণ।
আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, দলীয় মনোনয়ন পাওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরকে জয়লাভ করা উদ্দেশ্যে এই সভা হয়েছে। বিগত নির্বাচনের মতো এই নির্বাচনও স্বচ্ছ হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ হবে উল্লেখ করে বলেন, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা আহবান করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিশাল জেলায় যাকে মনোনয়ন দিয়েছেন তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এবং পৌর সভার মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের সকল পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে পরিচিত করার জন্য বর্ধিত সভা করছি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা ? এমন প্রশ্নের জবাবে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্তে হবে না। দল সিদ্ধান্ত নিবে যে, তাকে কি করবে না করবে। দলীয় সিদ্ধান্তে যা হবে সেটাই করা হবে।
আসন্ন দূর্গা পূজার প্রসঙ্গ টেনে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন ‘সামনে শারদীয় দুর্গা পূজা। এই পূজা উপলক্ষে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি চেষ্টা করছে সম্পৃতিটা নষ্ট করতে। আমাদের প্রতিটি নেতাকর্মীদের প্রতি এই সভার মাধ্যমে আহবান করছি, আপনারা সমস্ত পূজা মন্ডপে পাহারা দেবেন, থাকবেন, যাতে কোনরকম সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট না হয়। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর বরিশাল জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল শুরু এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর।
