3:56 pm , September 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশে ২০২২ সালের এসএসসি-সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। যানজট এড়াতে এবছর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৯৭৬ জন পরিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪৬ হাজার ৩৪৬ জন এবং মেয়ে ৪৯ হাজার ৬৩০ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন কুমার গাইন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে ৯টি এবং সরকারী কলেজগুলোর সমন্বয়ে ৮ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, জেলা পর্যায়ে সরকারী কলেজের শিক্ষকদের সমন্বয়ে ২টি টিম কাজ করবে। তারা জেলায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রগুলোতে কাজ করবে। এ বছর বরিশালে মোট কেন্দ্র করা হয়েছে ৮৭ টি। পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, পরীক্ষার সময় তিন ঘন্টা থেকে কমিয়ে দুই ঘন্টা করা হয়েছে। এরমধ্যে এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ এক ঘণ্টা ৪০ মিনিট। এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না। এসএসসিতে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ দেরী করলে তার কারণ গেটে রেজিস্টার খাতায় উল্লেখ করে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষার আয়োজন করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সেই অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সরকারী কর্মকর্তার উপস্থিতিতে কেন্দ্র সচিব ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন।
