3:50 pm , September 14, 2022
লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের। এই চেতনা নিয়েই সকল ধর্মের, সকল শ্রেণি-পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জন করে। আমাদের মহানবীও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমরা সংখ্যাগরিষ্ট মুসলিম। তবুও বিভিন্ন জাতি, গোষ্ঠি মিলে আমরা বাঙ্গালি জাতি। এজাতির সামাজিক সম্প্রীতি কখনো বিনষ্ট হবে না। বুধবার সকালে ভোলার লালমোহনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহরুল ইসলাম হাওলাদারসহ অনেকে। সভায় সংসদ সদস্য শাওন আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর নায়ক ছিল সাকা চৌধুরী ও মেজর হাফিজ গংরা। তাদের ক্ষমতার সময় সবচেয়ে বেশি হিন্দু সম্প্রাদায়ের উপর নির্যাতন হয়েছিল। বর্তমানেও তাদের দোষররা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে অশান্তির সৃস্টি করে। এ থেকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের এবং সমাজের ক্ষতি করে এমন কোন কিছু না করাই ভালো।
