3:49 pm , September 12, 2022
পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় অস্ত্রোপচারের টেবিলেই মৃত্যু হয়েছে প্রসূতি রুমা বেগমের (২২)। রোববার সন্ধ্যা সাতটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মায়ের পরশ মেলেনি অস্ত্রোপচারের মাধ্যমে সদ্য জন্ম নেয়া শিশুটির। সোমবার বিকেলে রুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রুমা বেগম পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা কালিবাড়ী গ্রামের সৌদিপ্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী। রুমা বেগমের চাচাতো বোন জেসমিন আক্তার জানান, তার প্রথম সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। আগামী ৪ নভেম্বর তার দ্বিতীয় সিজারের তারিখ ছিল। হঠাৎ রুমার শরীরের পানি শূন্যতা দেখা দিলে রবিবার সকালে নুর ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। সেখানকার চিকিৎসক ডাঃ বশির আহমেদ তাকে শীঘ্রই সিজার করার পরামর্শ দেন। পরে দুপুরের পর শাপলা ক্লিনিকে ভর্তি হয়ে সিজাররে প্রস্তুতি নেন। সেখানে সন্ধ্যা সাতটার দিকে ডাক্তার বশির আহমেদ অপারেশন করে একটি কন্যা সন্তান বের করেন। এক ঘন্টা পর তাদেরকে জানান হয় চিকিৎসক রুমাকে বাঁচাতে পারেনাই। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল হাসান জানান কী কারণে প্রসূতি নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
