3:47 pm , September 12, 2022
ভোলা অফিস ॥ বোরহানউদ্দিন উপজেলায় চাঁদার দাবীতে বাড়ীতে প্রকাশ্যে হামলা, ভাংচুর করে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজদের বাঁধা দিতে গিয়ে হামলা শিকার হয়েছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা গ্রহন করেনি। প্রকাশ্যে এমন ঘটনায় মামলা না নেয়ায় চরম আতংক দেখা দিয়েছে এলাকার সাধারন মানুষের মাঝে। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিয়াস হোসেন জনৈক বশির এর নিকট থেকে জমি ক্রয়সৃত্রে মালিক হয়ে একটি টিনসেট ঘর উত্তোলন করে ভোগ দখল করে আসছে। সম্প্রতি উক্ত জমিতে ইলিয়াস ইটের কাঠামো তৈরী করতে গেলে বাঁধা দেয় ফয়জুল্লাহ, ফারুক গোলদার ও হারুন গোলদার। তারা ইলিয়াছের কাছে ২ লক্ষ টাকা চাদা দাবী করে বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ ইলিয়াছ চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে রবিবার অনুমান ১২টার সময় প্রকাশ্যে ফয়জুল্লাহ, ফারুক গোলদার ও হারুন গোলদারের নেতৃত্বে প্রায় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে টিনের তৈরী বসত ঘরটি ভাংচুর করে। এক পর্যায়ে ঘরটি গুড়িয়ে দেয়। এ সময় হামলাকারীদের বাঁধা দিলে ইলিয়াছের বাবা মফিজুল ইসলাম, ভাই মিজান ও বোন তাছলিমা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিডিওতে দেখা যায় সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিচ্ছে বাড়িটি। এ সময় আকুকি মিনতি করেও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি পরিবারটি। এ ঘটনায় মোঃ ইলিয়াছ ঢাকায় অবস্থান করায় তার ভাই আব্বাসউদ্দিন বাদী হয়ে ৯ জনকে চিহ্নিত করে অজ্ঞাত ১শত জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে রাত ৮টা পর্যন্ত মামলা গ্রহন করেনি থানা পুলিশ। এ বিষয় বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। আমি উভয় পক্ষকে থানায় ডেকেছি। দেখি সমাধান করা যায় কিনা। আগামীকাল আমি ঘটনাস্থলে যাব।
