বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলায় যুবক আটক বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলায় যুবক আটক - ajkerparibartan.com
বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলায় যুবক আটক

3:38 pm , September 11, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার ঘটনায় মোতালেব বেপারি (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার পুলিশ ঘটনাস্থল থেকে ভাস্কর্য ভাঙার অভিযোগে তাকে আটক করে। এ ঘটনাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি দলীয় নেতাকর্মীদের পরিকল্পিত হামলা বলে দাবি করেন। তারা মোতালেবকে বিএনপির সমর্থক বলে দাবি করে। অবশ্য বিএনপির পক্ষ থেকে মোতালেব তাদের দলের কেউ নন বলে জানান। পৌর কাউন্সিলর (৪নং ওয়ার্ড) গৌতম কুমার সমদ্দার জানান, শনিবার সকাল ৯টার দিকে বৌ গাড়িচালক মো. মোতালেব বেপারি উন্মাদ অবস্থায় একটি বাঁশের লাঠি দিয়ে ডাক-বাংলোর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে। এ সময় মোতালেবের বাঁশের লাঠির আঘাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাতের শাহাদাৎ আঙুল ভেঙে যায়। এ ব্যাপারে থানার ওসি মো. মাসুদ আলম চৌধুরী জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী মোতালেব বেপারিকে আটক করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনাটি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান, এটি বিএনপির পরিকল্পিত হামলা। তাকে পারিবারিকভাবে কিংবা বিএনপির পক্ষ থেকে মানষিক ভারসাম্যহীন বলা হলেও মূলত সে বিএনপিদলীয় ষড়যন্ত্রে লিপ্ত।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধা বলেন, মোতালেব এর আগে উপজেলা বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে আসছে কিনা সে বিষয়ে তার কিছুই জানা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT