3:43 pm , September 8, 2022
মো. আফজাল হোসেন, ভোলা ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশী বাঁধাকে উপেক্ষা করে ভোলায় জেলা যুবদল কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা যুবদল আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের মহাজনপট্টিতে জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গিয়ে সদর রোডের বরিশাল দালান এলাকা পৌঁছলে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বের করা মিছিল মুখোমুখী হয়। মিছিল দুটি মুখোমুখী হলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উভয় দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পর্যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যুবদলকর্মীরা মিছিল নিয়ে তাদের কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। অপরদিকে আওয়ামী লীগ বাংলাস্কুল মোড় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ করে। এদিকে যুবদল নেতাকর্মীরা নারায়নগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবী করেন। এ সময় জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারন সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম,যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা কামালসহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
