3:36 pm , September 8, 2022
খবর বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বেসরকারি শিক্ষকদের প্রতি সরকারী বৈষম্যের তীব্র নিন্দা জানান। স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হওয়ার পরেও একই পেশাভুক্ত সম্প্রদায়ের মধ্যে বৈষম্য দেশের রাষ্ট্রের সংবিধানের লংঘন ছাড়া আর কিছু না। উৎসব ভাতা প্রসঙ্গে তিনি বিভিন্ন পর্যায়েকারসাজির কথা উল্লেখ করেন। তিনি অবসর এবং কল্যাণ ট্রাষ্টে ১০% কর্তনের তীব্র প্রতিবাদ জানান। শিক্ষকদের অবমাননা যেখানে ঘটবে কেন্দ্রের নির্দেশের অপেক্ষা না করে স্থানীয় ভাবে ছাত্র-শিক্ষক অভিভাবকদের নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। তিনি কালক্ষেপণ না করে শিক্ষা জাতীয়করণের রূপরেখা ঘোষণার দাবী জানান। সম্মেলনের প্রধান বক্তা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, এ দেশে প্রতিটি ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে দাবী আদায় করতে হয়েছে। ভাষার প্রসঙ্গ থেকে দেশের স্বাধীনতার জন্য যেমন দেশবাসীকে সংগ্রাম করতে হয়েছে। দেশের শিক্ষকদের দাবী যেটুকু আদায় হয়েছে তাও আন্দোলনের ফলে সম্ভব হয়েছে। সুতরাং শিক্ষা জাতীয়করণ, সমান বাড়িভাড়া এবং উৎসব ও চিকিৎসা ভাতা আদায়ের জন্যও আন্দোলন করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আঃ মালেক, প্রধান উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, যুগ্ম সম্পাদক আ.ব. তোফাজ্জল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক নেতা সঞ্চয় কুমার খান, অর্থ সম্পাদক সুনীল বরন হালদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলার সভাপতি মোঃ শফিকুর রহমান। মথুরানাথ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনকে সভাপতি এবং তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের সহ-প্রধান শিক্ষক মোঃ আবদুর রশীদকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য বরিশাল সদর উপজেলা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র রায়। সম্মেলনের কার্যক্রম পরিচালনা করেন মোঃ এনায়েত হোসেন মল্লিক ও দিপালী বাইন।
