3:35 pm , September 8, 2022
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চেয়ে ৬ নেতার আবেদন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৬ নেতা ফরম জমা দিয়েছেন। গতকাল দলীয় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার আরো দুই নেতা ফরম জমা দেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে। এ নিয়ে মোট ৬ নেতা দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিলেন। তবে মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেও শেষ দিনে নাটকীয়ভাবে তা জমা দেননি বরিশাল জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশে তিনি মনোনয়ন ফরম জমা দেননি। এদিকে মনোনয়ন পত্র জমা দান পর্ব শেষ হওয়ায় প্রার্থীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন কে হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী। যে প্রশ্নটি সবচেয়ে বেশী ঘুরপাক খাচ্ছে সেটি হলো কে পাচ্ছেন বরিশাল আওয়ামী লীগের শীর্ষ নেতার সমর্থন। তবে দলীয় সূত্র জানিয়েছে, কোন প্রার্থীকেই সমর্থন করবে না জেলা আওয়ামী লীগ। মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন তারা। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আনিসুর রহমান এবং আওয়ামী লীগ নেতা এ্যাড. দেলোয়ার হোসেন দিলু। তবে শেষ দিনের বড় চমক ছিলো জেলা যুবলীগের সাবেক সভাপতি জাকির হেসেনের মনোনয়ন ফরম জমা না দেওয়া। জানাগেছে, বুধবার নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাকির হোসেন এবং বৃহস্পতিবার দুপুরে তা জমা দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও তার অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর সাথে ঢাকায় দেখা করেন। জাকিরের নিকটজনরা জানিয়েছেন ওই সময় নেতা তাকে মনোনয়ন জমা না দেওয়ার জন্য নির্দেশ দেন। তাই তিনি জমা না দিয়ে ফিরে এসেছেন। এর আগে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বরিশাল জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোঃ মঈদুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কেএম জাহাঙ্গীর, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-ভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি মোঃ আনোয়ার হোসেন এবং বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু।
