3:04 pm , September 8, 2022
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলা থেকে পিস্তল, জাল টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় এ অভিযান করা হয় বলে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন। আটক মেহেদি হাসান ওরফে শৈশব মিয়া (৩৫) উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার সংলগ্ন কুদ্দুস মিয়ার ছেলে। র্যাব উপ-পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে পেয়ারপুর বাজারে অভিযান করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের কাঠের শোকেজের নিচ থেকে আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল, ৮১ হাজার টাকার জাল নোট ও ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, শৈশবের বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগে বাকেরগঞ্জ থানায় আরো দুইটি মামলা রয়েছে। তাকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, র্যাবের ডিএডি সুমন বিশ^াস বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছেন। অস্ত্র আইনে, বিশেষ ক্ষমতা আইনে ও মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। প্রত্যেক মামলায় শৈশবকে একমাত্র আসামী করা হয়েছে।
