3:03 pm , September 8, 2022
খবর বিজ্ঞপ্তির ॥ সারাদেশের সঙ্গে বরিশালেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’। বরিশাল জেলা প্রশাসন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বিভিন্ন সেরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দিবসটি পালন উপলক্ষে নগরের সার্কিট হাউজে আলোচনা সভা আয়োজন করে।
আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শহীদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৬ শতাংশ। এখনো ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ সাক্ষরতার বাইরে। ২০৩০ সালের মধ্যে শতভাগ সাক্ষরতার আওতায় আনতে নানা ধরণের কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। সাক্ষরতা বিস্তারে আন্তর্জাতিক ফোরামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস পালিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সোহেল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম বিশেষ অতিথির বক্তৃতা করেন।
সভায় আলোচক ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: নুরুল আলম। এসময় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মতামত তুলে ধরেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মূলত জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বর তারিখকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করে।
