3:53 pm , September 7, 2022
বাস মালিক-প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরকাউয়ার ৭ রুটে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে চলাচল করতে পারবে। তবে সরকারী ছুটির দিন বাদে সকাল ৭ থেকে রাত ৮ টা পর্যন্ত তারা হাফ ভাড়ায় চলাচল করবে। কিন্তু কোন পেশাজীবী লোক হাফ ভাড়া দিয়ে চলাচল করতে পারবেন না। এছাড়া বাস মালিকদের সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে। যাত্রীদের সাথে কোনরুপ খারাপ ব্যবহার করা যাবে না। বুধবার চরকাউয়া বাস মালিকদের সাথে প্রশাসনের এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, বৈঠকে বাস মালিকদের বিআরটিএর নিয়মাবলীর বিষয়ে অবহিত করা হয়েছে। নিয়মে রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। এছাড়া সরকার নির্ধারিত ভাড়া নিয়েই যাত্রী পারাপার করতে হবে। যাত্রীদের সাথে ভাল আচারন,ফিটনেস ও রুপ পারমিট বজায় রেখে গাড়ি চালানো তো স্বাভাবিক নিয়ম। এসব মেনেই গাড়ি চালাতে হবে। এসব নিয়মের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তিনি বলেন মালিকদের দাবী ছিলো সড়কে নিষিদ্ধ ঘোষিত যানবাহন যেন চলাচল না করে। আমরা বলেছি আইনের মধ্যে থেকে এ বিষয়গুলো দেখব। অনুমোদন নেই এরকম কোন যাহবাহন চলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন বাস মালিকদের আমরা আশ^াস দিয়েছি তাদের সকল আইনী সহযোগিতা করার জন্য, আর তারাও বলেছে সকল নিয়ম মেনেই গাড়ি চালাবেন। চরকাউয়া বাস সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম ছবি বলেন, প্রশাসনের পক্ষ থেকে যা বলা হয়েছে আমরা সব মেনে নিয়েছি। আমরা সেভাবেই গাড়ি চালাব এবং যাত্রী সেবা দিব। কিন্তু আমাদের যে মূল সমস্যা (সড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল) সেটির বিষয়ে তেমন কোন কার্যকর আশ^াস পেলাম না। তারপরও তারা বলেছে বিষয়টি দেখবে। আমরা অপেক্ষায় আছি প্রশাসন কি করে। প্রসঙ্গত, সড়কে মোটরসাইকেল,ভ্যান, অটোরিক্সাসহ অবৈধ নানান ধরনের যানবাহন যাত্রী পারাপার করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে চরকাউয়ার ৭ টি রুটে বাস চলাচল বন্ধ করে বাস মালিক সমিতি। এরপর বিকেলে প্রশাসনের আশ^াসে প্রায় ৭ ঘন্টা পর বাস চলাচল শুরু করে। বিষয়টি নিয়ে বুধবার সকালে জেলা প্রশাসক অফিসে বৈঠকে বসে বাস মালিক সমিতি ও প্রশাসন।
