নগরী থেকে ১০৫ মন পলিথিন উদ্ধার নগরী থেকে ১০৫ মন পলিথিন উদ্ধার - ajkerparibartan.com
নগরী থেকে ১০৫ মন পলিথিন উদ্ধার

3:53 pm , September 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে বিপুল পরিমানে পলিথিনের চালান আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর পলাশপুরে অবস্থিত একটি গোডাউন থেকে এ চালান জব্দ করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টিম। পরে ওই গোডাউন থেকে ৪ হাজার ২’শ কেজি বা ১০৫ মন অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখেরও বেশী। এ ঘটনায় পলিথিন মালিক আক্কাস হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, গোপন সংবাদে জানতে পারি নগরীর পলাশপুরের ৩ নং গলির একটি গোডাউনে বিপুল পরিমান পলিথিন মজুদ করা হয়েছে। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, নগরীর ইতিহাসে এত বিপুল পরিমান পলিথিন খুব নিকট অতীতে জব্দ হওয়ার রেকর্ড নেই।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদুর রহমান বলেন, এটি একটি বড় পরিমানের চালান। যা ধরতে সক্ষম হয়েছি। সব কিছু বিবেচনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।
জানা গেছে জব্দ হওয়া পলিথিনের মালিক আক্কাস হাওলাদার একজন ভ্রাম্যমান বিক্রেতা। তার কোন দোকান নেই। মোটর সাইকেলে করে তিনি দোকান ও ব্যবসায়ীদের কাছে পলিথিন পৌছে দেন। নগরী ও নগরীর বাইরে তিনি পলিথিন সরবরাহ করে থাকেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT