3:53 pm , August 31, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দালাল চক্রের প্রতারণার দিন শেষ। বরিশাল মহানগরীর বাসিন্দারা মাত্র সাত দিনের মধ্যেই যে কোন ধরনের পুলিশ ক্লিয়ারেন্স পাবেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)। গতকাল বুধবার বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস উদ্বোধনের পূর্বে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। নগরীর আমতলা মোড়ে মহানগর পুলিশের অস্থায়ী কার্যালয়ের নিচতলায় এ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে সেবা দেয়া শুরু হয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। তিনি বলেন, ‘যিনি এমন সেবা চান তিনি শুধু সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ৫০০ টাকা জমা দিয়ে চালানের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন। সব কাজ করবে এই সার্ভিস সেন্টারের কর্মীরা। এজন্য তাদের বাড়তি কোন চার্জ দিতে হবে না। সপ্তাহে দুই দিন এখান থেকে আবেদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ে লোক যাবে। মাত্র সাত দিনের মধ্যে বিদেশ গমনেচ্ছুকরা পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন।
পুলিশ কমিশনার বলেন, এখন পুলিশই সেবা প্রার্থীর কাছে তার সনদ পৌঁছে দেবেন। ৭ দিনের বেশি এক দিনও সময় লাগবে না। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সঞ্জয় কুন্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) রুনা লায়লা প্রমুখ।
