3:47 pm , August 31, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ মানসিক প্রতিবন্ধি’র সদ্যজাত ছেলে নবজাতক মোহাম্মদকে আগৈলঝাড়ার গৈলা ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় নবজাতককে ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত মানসিক প্রতিবন্ধির নারী (৩০) গত ২৯ আগষ্ট শিশু সন্তানকে জন্ম দেন। অন্ত.সত্ত্বা ওই নারীকে ২৯ আগষ্ট হাসপাতালে ভর্তি করেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের ইছাহাক হাওলাদারের স্ত্রী মিনারা বেগম।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার জানান, গত ২৯ আগষ্ট বিকেলে ভর্তির পর রাতেই জরুরী ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রপচার করেন। অস্ত্রপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি নারী। কিন্তু শিশুটির দায়ভার নিতে না চাইলে তিনি (স্টাফ নার্স মৌসুমী আক্তার) নিজের কাছে রেখে দেন। বুধবার নবজাতককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার দিলরুবা রইচি’র কাছে হস্তান্তর করা হয়েছে।
সমাজসেবা অফিসার দিলরুবা রইচি জানান, সন্তানটিকে তার কাছে দেয়ার পর তিনি ওই সন্তানের নাম রাখেন ‘মোহাম্মাদ’। তিনি তৎক্ষনিক আগৈলঝাড়ার গৈলা ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে।
এর আগে হাসপাতাল সমাজসেবা কার্যলয়ের পক্ষ থেকে সন্তানটির জন্য দুধ, নতুন জামা, তোয়ালে, ফিডার, ফ্লাক্স, টিস্যু, গামলা ও ওয়ালক্লর্থ উপহার দেয়া হয়েছে। বিকালে অনুষ্ঠানিক ভাবে ছোট মনি নিবাসের স্টাফ সাহিদা খানমের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. নজমুল আহসান, শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. ফয়সাল আহম্মেদ, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার দিলরুবা রইচি ও মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার প্রমুখ।
