3:27 pm , August 30, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক সেনা কর্মকর্তা ও র্যাব অধিনায়ক এবং নেত্র নিউজ ফেসবুক পেইজের এডমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে নালিশী অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ দায়ের করেন মহানগর আওয়ামী লীগের এক নেতা। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক নালিশী অভিযোগ তদন্তের জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন। তিনি জানান, নালিশী অভিযোগে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল ও র্যাব-৭ এর অধিনায়ক হাসিনুর রহমান ও নেত্র নিউজ ফেইসবুক পেইজের এডমিনকে বিবাদী করা হয়েছে।
বাদী হলেন : নগরীর রুপাতলী ভাষানী সড়কের বাসীন্দা কাজী মহিউ উদ্দীন আহম্মদের ছেলে কাজী মনিরুদ্দীন তারেক। তিনি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক।
মামলা পরিচালনাকারী আইনজীবী বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন জানান, বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (ক)/২৬ (১)/২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ৬ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
মামলার বরাতে তিনি জানান, বিবাদী সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত। তিনি নেত্র নিউজ নামের ওয়েব সাইটের ফেজবুক পেইজে সরকার ও রাষ্ট্র বিরোধী মিথ্যা মানহানীকর আক্রমনাত্মক ভিডিও প্রচার করছে। যা ভাইরাল হয়ে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
এ অপপ্রচার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব , মুক্তিযোদ্ধা ও জনসাধারনের অনুভূতিতে আঘাত হেনেছে। বাংলাদেশ সারা বিশে^ উন্নয়নের রোল মডেল। বিবাদীরা সরকারের উন্নয়নের গতিরোধ বানচাল ও নস্যাৎ করার জন্য রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে।
বিবাদীরা সরকার ও জনসাধারনের জানমালের ক্ষতি সাধনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টায় লিপ্ত রয়েছে।
এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য বিরোধীদের উৎসাহ দিচ্ছে।
গত ২৪ অগাষ্ট বাদীর বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় সাক্ষীদের সাথে পরামর্শ করে কোতয়ালী মডেল থানায় গেলে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়া হয়। বাদী আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আর্জি করেছিলেন। এ্যাড. খোকন আরো বলেন, বিচারক মামলা তদন্তের জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
