3:58 pm , August 29, 2022
সাংবাদিকদের সাথে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম যোগদানের পরপরই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুর ১২টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম বলেন, পুলিশের কাছ থেকে সাংবাদিকদের তথ্য প্রাপ্তির মাধ্যমকে আরও সহজ করা হবে। যাতে সঠিক তথ্য, সঠিক সময়ে উপস্থাপন করতে পারেন আপনারা। সেইসাথে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যাতে কোন সাংবাদিককে হয়রানী না করা হয়, সেজন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে। সকলের সমন্বিত উদ্যোগে বরিশালকে নিরাপদ রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সেইসাথে যে কোন মূল্যে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহম্মেদ, সুশান্ত ঘোষ, রাহাত খান, গিয়াস উদ্দিন সুমন, ফিরোজ মোস্তফা, শাহিন হাসান, মর্তুজা জুয়েল। উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক শাহিন হাফিজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ প্রমুখ। এ সময় সাংবাদিকরা পুলিশ সুপারের কাছে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করেন। উল্লেখ্য রোববার বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটনের তেঁজগাও জোনের সহকারী কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং একই জোনের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি বরিশালের পাশ্ববর্তী মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলায়।
