গ্রেপ্তার এড়াতে হুজুরের কাছে এলেন তাবিজ নিতে, গেলেন কারাগারে গ্রেপ্তার এড়াতে হুজুরের কাছে এলেন তাবিজ নিতে, গেলেন কারাগারে - ajkerparibartan.com
গ্রেপ্তার এড়াতে হুজুরের কাছে এলেন তাবিজ নিতে, গেলেন কারাগারে

3:54 pm , August 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ গাজীপুরে স্ত্রীকে হত্যা করে বরিশালে এসে বিপদ আপদ থেকে রক্ষা পেতে মসজিদের ইমামের কাছ থেকে তাবিজ নেয়ার সময় সিআইডি পুলিশের হাতে ধরা পড়েছে হত্যাকারী স্বামী লাল চাঁন মোল্লা (৪০)। রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গাসাগর দিঘি সংলগ্ন মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাল চাঁন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার মৃত হাসান মোল্লার ছেলে। সিআইডি বরিশাল জেলা শাখার এসআই আবুল কালাম জানান, গ্রেপ্তার হওয়া লালচাঁন গাজীপুর নগরীর কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকায় ভাড়া বাসায় শনিবার তার স্ত্রী রিনা আক্তারকে (৩৬) হত্যা করে। শনিবার দুপুরে রিনার লাশ উদ্ধার করে পুলিশ। রিনা সিরাজগঞ্জের আন্দারকোটাপাড়া গ্রামের গেদু শেখের মেয়ে।স্ত্রীকে হত্যার পর স্বামী লালচাঁন পালিয়ে মাধবপাশা দুর্গা সাগর এলাকায় আত্মগোপন করে। সিআইডির এলআইসি শাখা তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। পরে তাকে গ্রেপ্তারের জন্য সিআইডির বরিশাল মেট্রো ও জেলা শাখাকে দায়িত্ব দেয়। দায়িত্ব পেয়ে পরিদর্শক নুরুল আলম তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় লালকে। অভিযানিক দলের সদস্য কনষ্টেবল আকিদুর রহমান লাল চাঁনের বরাতে জানান, শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাকে সজোরে লাথি দিয়ে ঘরের বাইরে থেকে ছিটকানী আটকে বের হয়ে যায় লাল। কিছুক্ষন পর ঘরে ফিরে এসে দেখতে পায়, স্ত্রীর মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ে রয়েছে। যখন বুঝতে পারে স্ত্রী মারা গেছে, তখন পালিয়ে বরিশাল চলে আসে। আকিদুর জানান, লালচাঁন এক সময় মাধবপাশা এলাকায় বাদশা সরদারের গরুর ফার্মে চাকরী করতো। শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসে। রাতে ওই ঘরে ছিলো। রোববার দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে। দুর্গা সাগর সংলগ্ন একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার তাবিজ ও দোয়া চায়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আকিদুর জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT