3:59 pm , August 27, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নরসিংদী থেকে গ্রেপ্তার হয়েছে বরিশাল নগরীর আবৃত্তি শিল্পী নিপার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামী প্রেমিক আমিরুল ইসলাম আমীর (২৯)। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর বরিশাল নিয়ে আসা হয় বলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন। তিনি জানান, নিপার বোনের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় আমিরুলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পরিদর্শক লোকমান হোসেন জানিয়েছেন। আমীর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। সে নরসিংদীতে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করে। গত ৩ আগস্ট আবৃত্তি শিল্পী নিপার লাশ নগরীর উত্তর মল্লিক রোড উদীচী গলির জাহান ম্যানশনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ফেসবুকে নিজের আইডিতে “চলে যাওয়া মানে প্রস্থান নয়…. ” পোষ্ট দিয়ে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে নিপা। এ ঘটনায় গত ১৩ আগস্ট নিপাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলা করেন বোন ডালিয়া আক্তার। মামলায় অভিযুক্ত আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করা হয়। নিপা বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে বলে অভিযোগ আনা হয় বলে পরিদর্শক লোকমান হোসেন জানান।
