বাবুগঞ্জে ১২ বছর ধরে চার দেয়ালে বন্দি মেধাবী ছাত্র আল-আমিন বাবুগঞ্জে ১২ বছর ধরে চার দেয়ালে বন্দি মেধাবী ছাত্র আল-আমিন - ajkerparibartan.com
বাবুগঞ্জে ১২ বছর ধরে চার দেয়ালে বন্দি মেধাবী ছাত্র আল-আমিন

3:27 pm , August 25, 2022

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ ১২ বছর ধরে নিজ ঘরের চার দেয়ালে বন্দি জীবন কাটাচ্ছেন বাবুগঞ্জের কেদারপুরের আল-আমিন (৩০) নামের এক যুবক। উপজেলার কেদারপুর ইউনিয়নের সাড়ে পাঁচআনি গ্রামের মো. আবুল কালাম হাওলাদার এর পুত্র আল-আমিন ইউনিয়নের জম্বিলা খাতুন মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরবর্তীতে একই ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া আলীম মাদ্রাসায় আলীম শ্রেণিতে ভর্তি হন। আলীম শেষ বর্ষে পড়া অবস্থায় মাদ্রাসায় বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন তিনি। পরিবারের লোকজন আল-আমিনকে নিজ ঘরের খুঁটির সাথে পায়ে শিকল বন্দি করে রাখেন। পরবর্তীতে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা সুস্থ আছেন জানিয়ে হাসপাতাল ত্যাগের পরামর্শ দেন আল-আমিনের পরিবারকে। কিন্তু বিধি বাম! মেধাবী ছাত্র আল-আমিনকে নিয়ে যখন পরিবারের লোকজন বাড়িতে আসেন তার পর থেকেই তার অস্বাভাবিক আচরণের মাত্রা বাড়তে থাকে। পরিবারের সদস্য ও প্রতিবেশিদের উপর হামলা করতেন আল-আমিন। পরিবারের লোকজন ৫ থেকে ৭ ফুট দৈর্ঘ্য প্রস্থের একটি পাকা ঘরে লোহার দরজায় আবদ্ধ করে রাখেন আল-আমিনকে। সেই থেকে আজ একযুগ ধরে নির্জন ঘরে বন্দি আল-আমিন। দেয়াল বন্দি আল-আমিন সাংবাদিকদের বলেন, তাঁর এমন ভাবে বন্দি থাকতে আর ভালো লাগে না ! তিনি খাবার খেতে চান।
আল-আমিন বলেন, পরিবারের সদস্যরা তাকে বন্দি করে রেখেছে। আমি মুক্ত হতে চাই।
আল-আমিনের পিতা মো. আবুল কালাম কান্নাজড়িত কন্ঠে বলেন, পুত্র শোকে আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ হয়ে ৬ বছর পূর্বে মৃতবরণ করেছেন। চার সন্তানের মধ্যে আল-আমিন ছাড়া বাকিরা ঢাকায় থাকেন। বড় ছেলে ও মেঝ ছেলে একটি গার্মেন্টস ফ্যাক্টরীর পন্যবাহী ট্রাক চালক হিসেবে চাকুরী করেন। এছাড়া ছোট ছেলে ঢাকায় স্বল্প আয়ের ব্যবসা করেন। আবুল কালাম জানান, স্ত্রীর মৃত্যুর পর তিনি তার সন্তান আল-আমিনকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পুত্রের মানসিক সমস্যা থাকার কারণে এমন করে বন্দি করে রেখেছেন। তবে বর্তমানে অন্য সন্তানদের আয় না থাকায় তেমন খোঁজ নিতে পারছেন না। ফলে অনাহারেই দিন কাটাতে হচ্ছে পিতা পুত্রের ! পিতা আবুল কালাম সরকারের পক্ষ থেকে তার পুত্রের চিকিৎস্যা ও খাবারের ব্যবস্থা করার জোর দাবী জানান। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী জানান, আল-আমিন মানবেতর অবস্থায় রয়েছে। তাকে বন্দি দশা থেকে উদ্ধার করতে প্রশাসনের লোকদের এগিয়ে আসা উচিত। আমি খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতেমা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT