3:40 pm , February 1, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার নিজের সাদা জিপ গাড়িতে করে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা হন তিনি। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ওসমর্থক গাড়ি, মোটরসাইকেল ও মিছিল নিয়ে তার সঙ্গে ছিল। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও যে কোনো সময় অবনতি হতে পারে। আপাতত করোনা ঝুঁকির কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী ও প্রফেসর ডা শাহাবুদ্দীন তালুকদার বলেন, আমরা চিকিৎসা দিয়ে তার (খালেদা জিয়া) রক্তক্ষরণ সাময়িক বন্ধ করতে পেরেছি। আপাতত রক্তক্ষরণ বন্ধ হলেও যেকোনো সময় আবার হতে পারে। তাকে পুরো সুস্থ করার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। এ সময় ডা. একিউএম মহসিন, ডা. শামসুল আরেফিন, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ প্রায় ১৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।
