2:25 pm , January 9, 2022
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ ইলিশ জাতীয় সম্পদ। তাই ইলিশ রক্ষায় জেলেদের আন্তরিক হতে হবে। নিষেধাজ্ঞার সময় লোভী জেলেরা মা ইলিশ ও ঝাটকা নিধন করেন। এতে ইলিশ সম্পদের ব্যাপক ক্ষতি হয়। অসাধু জেলেরা যাতে এমন আত্মঘাতি কাজ না করেন সেজন্য সরকার বহুমুখী সহায়তা প্রদানের কার্যক্রম চালু করেছেন। গতকাল রোববার স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ জেলেদের প্রণোদনা হিসেবে গাভী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী ছাড়াও আরও বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ। মন্ত্রী সরকারি স্বরূপকাঠি কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধন, আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পশ্চিম সোহাগদল পল্লী উন্নয়ন সমিতি ও পাঠাগার ভবনের উদ্বোধন, পশ্চিম সোহাগদল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ পাঠাগার কর্ণার ও পশ্চিম সোহাগদল মহিলা সমিতির অফিস উদ্বোধন, জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন পশ্চিম সোহাগদল খালে গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করেন। বিকেলে মন্ত্রী পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজ প্রাঙ্গনে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
