2:23 pm , January 5, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ মির্জাগঞ্জে জমি নিয়ে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক মনির মল্লিকের (৩৩) মৃত্যু হয়। সে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের চাঁদ মল্লিকের ছেলে। বুধবার তার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
গত ২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটায় মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চাকরখালি গ্রামে ও বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে দু’দফা হামলা চালায় প্রতিপক্ষ হায়দার মল্লিক, কামাল মল্লিক, স্বপন মৃধা, সামছের মল্লিক, ওমর ফারুক, সোহরাব মৃধা ও হাসেম মল্লিক।
এ ঘটনায় নিহতের ভাই মির্জাগঞ্জ থানার হাসেম মল্লিক, কামাল মল্লিক, স্বপন মৃধা, শমসের মল্লিক, ওমর ফারুক সহ অন্যদেরকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব মৃধাকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত মনির মল্লিক ও হাসেম মল্লিকের মধ্যে জমি নিয়ে বহুদিন ধরেই বিরোধ চলে আসছিল। একাধিকবার তাদেরকে সালিশীর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব করা হলেও হাসেম মল্লিক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
