2:33 pm , December 22, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ দেশের পুলিশ প্রধান আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর বরিশাল আঞ্চলিক পর্বে প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এ সময় মহানগর পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ হোসেন সরদার জানান, গত নভেম্বরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়। প্রতিটি জেলায় মহিলা ও পুরুষ দুটি করে দল প্রতিযোগীতার আঞ্চলিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বরিশাল বিভাগের ৬ জেলা এবং মাদারীপুর ও বাগেরহাটসহ মোট ৮টি জেলার মহিলা ও পুরুষের ১৬টি দলের অংশগ্রহণে বরিশাল আঞ্চলিক পর্ব শুরু হযেছে। লীগ পর্যায়ের শীর্ষ দুটি করে (মহিলা ও পুরুষ) ৪টি দল আঞ্চলিক পর্যায়ের ফাইনালে কাল বৃহস্পতিবার মুখোমুখি হবে।
ফাইনালে প্রতিদ্বন্ধিতাকারী মহিলা ও পুরুষ চ্যাস্পিয়ন এবং রানারআপ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সরদার। এই খেলায় যোগ্য সব শ্রেণি পেশার খেলোয়াররা অংশগ্রহণ করতে পারছে বলে তিনি জানিয়েছেন।
