3:05 pm , July 4, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ র্যাবের পৃথক অভিযানে তিন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। উজিরপুর ও গৌরনদী উপজেলায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮।
আটককৃতরা হলো- উজিরপুর উপজেলার মশাং গ্রামের মুজিবর শেখের ছেলে রুবেল শেখ (২২), একই উপজেলার জামবাড়ি গ্রামের গনেশ রায়ের ছেলে প্রফুল্লহ রায় (২৫) ও গৌরনদী উপজেলার তারাকপি গ্রামের মৃত মো. আলী চাপরাশীর ছেলে শাহ আলম চাপরাশী (৩৮)। র্যাব জানায়, শনিবার দিবাগত ভোর ৫টার দিকে গৌরনদী উপজেলার তারাকুপী গ্রামের শাহ আলম চাপরাশীর ঘরে মাদক বিক্রির খবরে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে ৭৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে শনিবার দিবাগত রাতে উজিরপুর উপজেলার মুন্সি তাল্টু গ্রামের টাকাবাড়ি স্টিল ব্রিজের পশ্চিম পাশে মাদক বিক্রির খবরে অভিযান চালায় র্যাব। পালানোর সময় রুবেল শেখ ও প্রফুল্লহ রায়কে ৪৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে র্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম ও আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী এবং উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন।
