2:37 pm , June 27, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ৪৮ ঘণ্টায় প্রাণঘাতী করোনা সংক্রমণ নিয়ে ৭ জন মারা গেছেন। এছাড়াও মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার বেড়েছে। ফলে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার দিবাগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের করোনা তথ্য সংরক্ষণ রেকর্ড থেকে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ১১টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা। সকলেই ছিলেন মুমূর্ষু। পর্যাপ্ত আইসিইউ সাপোর্টের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে অনুযোগ করেন স্বজনরা। ২৪ ঘণ্টায় করোনায় যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- গনি ব্যাপারী (৬৫), রুহুল আমীন (৬০), সুখরঞ্জন অধিকারী (৭০), নুরুল ইসলাম (৬৭), মনোয়ারা বেগম (৫০) ও রিজিয়া বেগম (৬০)। মৃত ৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি পরের ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু হয়। এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। শনিবার রাত সোয়া ১০টায় প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৮০ ভাগ। এর আগে ২৫ জুন ২৯.১০ ভাগ, ২৪ জুন ৪৪.৪৪ ভাগ এবং ২৩ জুন ৩৩.৩৩ ভাগের করোন শনাক্ত হয়েছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার মন্ডল জানান, বরিশাল বিভাগে শনিবার করোনা শনাক্তের হার ছিলো ২৭.০৪ ভাগ।
