2:34 pm , June 27, 2021
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ নয় মাস পূর্বে নিখোঁজ হওয়া ষাটোর্ধ এক বৃদ্ধা মাকে খুজে পেয়ে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিল্টন মন্ডল জানান, গত নয় মাস আগে মুলাদী থেকে জলিল কবিরাজের স্ত্রী নুর বানু (৬০) নিখোঁজ হয়। নিখোঁজের পর তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করে। শনিবার রাত নয়টার দিকে আগৈলঝাড়ার বাকাল গ্রামের ফজলু তালুকদারের ছেলে আলাউল তালুকদার, শাহিন বেপারীর ছেলে সাইদ হাসান রাতুল ও রুবেন বেপারীর ছেলে জেমস বেপারী বাকাল বাজারের নওপাড়া গ্রামের শিউলীর চায়ের দাকানের সামনে অপরিচিত ওই বৃদ্ধাকে দেখে তার কাছে পরিচয় জানতে চাইলে ওই বৃদ্ধা মা তার বাড়ি মুলাদী উপজেলার তেরচর গ্রামে বলে জানান। বিষয়টি স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে আগৈলঝাড়া থানার এসআই মিলটন মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধা মহিলাকে সেখান থেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরন হালদার জানান, পুলিশের উদ্ধার করা বৃদ্ধা মহিলাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা ও ঔষধ দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বৃদ্ধা কিছুটা মানষিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে বলেও জানান চিকিৎসক। এসআই মিলটন উদ্ধার করা বৃদ্ধার সাথে কথা বলে মোটামুটি ধারণা নিয়ে তার ছেলে সেকেন্দার কবিরাজের সাথে শনিবার রাতেই যোগাযোগ করেন। বৃদ্ধার ছেলে সেকেন্দার কবিরাজ তার মাকে নিতে গতকাল রোববার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পাউন্ডে বসেই নিখোঁজ বৃদ্ধা নুর বানুকে তার ছেলে ও স্বজনদের কাছে হস্তান্তর করেন এসআই মিলটন মন্ডল।
