3:03 pm , June 23, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ নগীর আমতলার মোড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে জিলেট কোম্পানীর ডিলার বিদ্যুৎ বিশ্বাস (৩৫) ও বিক্রয় প্রতিনিধি মো. রাজ্জাক (১৭) নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার গোমা গ্রামের ডাক্তার বাড়ির নিতাই বিশ্বাসের ছেলে। আর রাজ্জাক বরিশাল সদর উপজেলার দিনারের পুল গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। একই দিকে যাচ্ছিলো ওই মটরসাইকেলের দুই আরোহী। এ সময় ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। নিহতদের লাশ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ। এদিকে ট্রাক চালক রবিউল শেখকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।
