1:00 am , June 21, 2021
বিশেষ প্রতিবেদক ॥ মহানগর পুলিশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার। গতকাল রোববার বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেডে সভাপতির ভাষনে তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, আইনী শক্তি অসীম, আর তাই আইন প্রয়োগকারি সংস্থার সদস্য হিসেবে কোন ক্রমেই নিজেদেরকে দুর্বল ভাবা চলবে না। আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে, পর্যায়ক্রমে চেইন অব কমান্ড মেনে সিনিয়র অফিসারদের নজরে এনে নিরপেক্ষ পরিবেশে বিঘœ সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করারও নির্দেশনা দেন কমিশনার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সকল চেইন অব কমান্ড এর নির্দেশনা হল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। আইজিপির নির্দেশনা পালনে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপহার দেয়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করার ওপর গুরুত্বারোপ করে তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কিংবা কোথাও কোন অনুকম্পার খবর পেলে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সকলের সমন্বয়, টিম ওয়ার্ক ও আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
