1:00 am , June 18, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ৫ নম্বর ওয়ার্ডের খয়েরদি গ্রামে হামলায় প্রার্থীসহ আহত পাঁচজনকে শেবাচিমে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-চেয়ারম্যান প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী, তার কর্মী সাইদুল ইসলাম, রাকিব মাহামুদ, সজল তালুকদার এবং শরীয়তুল্লাহ। চেয়ারম্যান প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী বলেন, জাগুয়া ইউনিয়নের খয়েরদি গ্রামে গণসংযোগ শেষে ফেরার সময় প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এতে কর্মী সাইদুল ইসলামের অবস্থা গুরুত্বর। এছাড়া আপন ছোট ভাই শরীয়তুল্লাহ, চাচাতো ভাই রাকিব মাহামুদ ও চাচা সজল তালুকদারকে কুপিয়ে আহত করা হয়। কোতয়ালি মডেল থানার এসআই মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
