3:14 pm , June 14, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ ও গনমাধ্যম কর্মীগন পরস্পরের পরিপুরক হিসেবে কাজ করলে সমাজের আরো উন্নয়ন অগ্রগতি সম্ভব বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের নব নিযুক্ত ডিআইজি এস.এম আক্তারুজ্জামান। তিনি গতকাল সোমবার বরিশাল রেঞ্জ সদর দপ্তরে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বলেন, আমাদের সবার উদ্দেশ্যই দেশ ও সমাজের কল্যান সাধন। এক্ষেত্রে আমরা একযোগে কাজ করলে জনগনের আরো অনেক কল্যান হতে পারে। বরিশাল রেঞ্জে যোগদানের পরে গনমাধ্যম কর্মীদের সাথে প্রথম এ মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি এএম এহসান উল্লাহ ছাড়াও রেঞ্জ সদর দপ্তরের এসপিগন এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মুঃ ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মেট্রেপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক নাসিম উল আলম, পুলক চ্যাটার্জি, ফিরদাউস সোহাগ, সাইফুর রহমান মিরন, রাহাত খান, গিয়াস উদ্দিন সুমন, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সম্পাদক মিথুন সাহা, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীগন বক্তব্য রাখেন।
ডিআইজি এসএম আক্তরুজ্জামান বলেন, আসন্ন ইউপি নির্বাচনে পুলিশ ও প্রশাসন জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। আমরা যেকোন মূল্যে এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধ পরিকর। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের ৬টি জেলার পুলিশ ছাড়াও রেঞ্জ থেকে এসএএফ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-এর বাইরে র্যাব ও আনসার ব্যাটেলিয়ান সহ অঙ্গিভুত আনসার এ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় কাজ করবে। এর বাইরে কোষ্ট গার্ডকেও কয়েকটি উপজেলায় কাজে লাগানোর কথা জানান ডিআইজি।
এসএম আক্তারুজ্জামান মাদক সহ যেকোন সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে সর্বাত্মক শক্তি নিয়ে কাজ করার অঙ্গিকারের কথা জানিয়ে এ লক্ষে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কোন পুলিশ কর্মী যদি দায়িত্ব-কর্তব্যে অবহেলা ও উদাসীনতা প্রদর্শন করে সে ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহনের কথাও জানান ডিআইজি।
মতবিনিময় সভায় গনমাধ্যম কর্মীগন বরিশালের বাবুগঞ্জ ছাড়াও হিজলা ও মেহেদিগঞ্জের কয়েকটি ইউপি’র নির্বাচনে শান্তিÑশৃংখলা নিয়ে সংশয় প্রকাশ করেন। বিশেষ করে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে ইতিমধ্যেই নির্বাচনী সহিংসতা ঘটনা ঘটেছে বলে সাংবাদিকরা উল্লেখ করেন। এব্যাপারে ডিআইজি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং যেকোন মূল্যে নির্বাচনী সহিংসতা রোধে পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী একযোগে কাজ করবে। পাশাপাশি কিছু পুলিশ কর্মকর্তার কারণে পুলিশ বিভাগের সাথে গনমাধ্যম কর্মীদের দুরত্ব তৈরী হচ্ছে বলেও সাংবাদিকরা মতবিনিময় সভায় জানান। ডিআইজি এসএম আক্তারুজ্জমান এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও জানান। পাশাপাশি তার দরজা সব সময়ই গনমাধ্যম কর্মীসহ সাধারন জনগনের জন্য খোলা রয়েছে বলে জানান তিনি।
