জাহাঙ্গীর নগর ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জাহাঙ্গীর নগর ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা - ajkerparibartan.com
জাহাঙ্গীর নগর ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

3:24 pm , June 12, 2021

আগামী ২১ জুন বাবুগঞ্জের চারটি ইউনিয়নে প্রথমধাপে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২১ জুন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে প্রথমধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল বরিশাল সার্কিট হাউজে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা। তবে দিন যতই যাচ্ছে পরিস্থিতি নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে বরিশালের বাবুগঞ্জের ইউনিয়নগুলোতে। ২/১টি ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থীদের চাপে কোনঠাসা হয়ে পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা নির্বাচনী মাঠে নামলেই হামলার শিকার হচ্ছেন। ইউনিয়র পরিষদে এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আ.লীগের যারা মনোনয়ন পেয়েছেন তাদের প্রতীক নৌকা। কোন ইউনিয়নে বিএনপিসহ অধিকাংশ বড় দল নির্বাচনে অংশ না নিলেও বেশিরভাগ জায়গায় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন দলীয় নেতারাই। দলীয় মনোনয়ন না পেয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র হয়ে নির্বাচন করলেও এরাই সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে দলীয় মনোনয়ন পাওয়া নেতারা এমনটা মানতে পারছেন না। তারা স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা করে নির্বাচনী মাঠ অশান্ত করার চেষ্টা করছেন।
২ জুন নির্বাচন কমিশন নতুন করে আগামী ২১ জুন স্থগিত নির্বাচনের দিনক্ষন ধার্যকরেন। এর পর থেকেই আবার সরগম হয়ে উঠেছে বাবুগঞ্জ উপজেলার নির্বাচনী মাঠ।কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধান রাজনৈকি দল বিএনপি স্থানীয় সরকারের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন না করার ঘোষনা দিলে এ সব ইউনিয়নের বিএনপির কোন প্রার্থী নেই। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী নুরে আলম বেপারী, দেহেরগতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান, মাধবপাশা ইউনিয়নে মোঃ জয়নাল আবেদীন এবং জাহাঙ্গীর নগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী তারিকুল ইসলাম তারেক।
দেগেরগতি ইউনিয়ন : এ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান। তিনি টানা দুইবার অত্র ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সময় কালে দেহেরগতি ইউনিয়নকে উন্নয়নের জনপদে পরিনত করেছেন। এলাকার হাজার হাজার মানুষকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করেছেন। বিপদে আপদে সরাসরি পাশে থেকে সহযোতিার হাত প্রসারিত করেছেন। আর এ কারণে এখানে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মশিউর রহমানের বিজয়ী হওয়া অনেকটা নিশ্চিত বলেন ভোটারদের অভিমত।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন : খোঁজ নিয়ে জানাগেছে নির্বাচনী অশান্ত পরিবেশ বিরাজ করছে এ ইউনিয়নে। গত কয়েক দিনে এখানে আ.লীগ প্রার্থীদের হামলার কারণে স্বতন্ত্র প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছেন। জাহাঙ্গীর নগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারেক। তিনি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হোসেন স্বপনের আপন ভাই। সমস্যাটা এখান থেকেই শুরু। উপজেলা চেয়ারম্যানের প্রভাবে সেখানে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এ ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কামরুল আহসান হিমু। তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে হিমুর বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এর ফলে আ.লীগ দলীয় প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থী হিমুর কর্মীদের মাঠেই দাঁড়াতে দিতে চাইছেন না। এককালের সর্বহারা অধ্যুষিত উত্তর জনপদ বলে খ্যাত বাবুগঞ্জ উপজেলার বর্তমান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন। নির্বাচনের তারিখ যতই নিকটে আসছে ততই অশান্ত হয়ে উঠেছে এ ইউনিয়নের প্রতিটি জনপদ। ইউপি নির্বাচনকে সামনে রেখে দিন দিন উত্তাপ ছড়িয়ে পড়ছে ওই ইউনিয়নে।
গত কয়েকদিন থেকে মধ্যরাতে ফাঁকা গুলির শব্দে ওই ইউনিয়নের সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর শিলনদিয়া রাস্তার মাথা নামক এলাকায় বসে নৌকার প্রার্থীর উপস্থিতিতে তার সমর্থক ও ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়েছে। তাদের ব্যবহৃত দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি ভাঙচুর করা হয়। আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান হিমু খান অভিযোগ করেন, এ হামলার পর পরই নৌকার প্রার্থী সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক ও তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে তাদের বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা এলাকায় প্রভাব বিস্তারের জন্য সশস্ত্র অবস্থায় শিলনদিয়া বাজারে অবস্থান করেন। তিনি (হিমু খান) আরও অভিযোগ করেন, গত তিনদিন থেকে প্রার্থী তারেকের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মধ্যরাতে একাধিক ফাঁকা গুলি করে এলাকায় ভীতি সৃষ্টি করছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর ওই এলাকায় ফের বড়ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছড়িয়ে পরে। খবর পেয়ে তাৎক্ষনিক প্রথমে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও পরে থানার বিপুল সংখ্যক পুলিশ শিলনদিয়া বাজারে পৌঁছে কঠোর ভূমিকা পালন করায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নেয়া উভয়দলের কর্মী-সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় ঘাঁপটি মেরে থাকা তৎকালীন সময়ের দুর্ধর্ষ সর্বহারা ক্যাডার ও পাশ্ববর্তী উপজেলার সন্ত্রাসীরা বিশেষ এক প্রার্থীর পক্ষালম্বন করে নির্বাচনের মাঠে রক্তক্ষয়ী সংঘাতের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের টার্গেট নির্বাচনের দিন সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন। এজন্য ভাড়াটিয়া সন্ত্রাসী ও দেশে ফেরা এককালের সর্বহারা সন্ত্রাসীরা নির্বাচনের পূর্বে হত্যাকান্ডের মতো জঘন্যতম ঘটনা ঘটাতেও প্রস্তুত রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ওই ইউনিয়নের সাধারণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমানে ওই ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উভয়প্রার্থীর পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি (ওসি) আরও বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে কোন অবস্থাতে কাউকে সংঘাত করতে দেয়া হবেনা। সেজন্য পুলিশ সদস্যদের কঠোর অবস্থানে রাখা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT