1:00 am , June 8, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম মৃত্যু বার্ষিকীর দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমকে। পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মিণী ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা মহিয়সী নারী সাহান আরা বেগম এক বছর পূর্বে গতকাল ৭ জুন পরপারে পাড়ি দিয়েছেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে নগরীর দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মনে ফুটে উঠেছে প্রিয়জন হারানোর বেদনা। তাই দিনটি পালনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দিনভর নানা কর্মসুচী পালন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের আয়োজনে সকাল সাতটায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকাউত্তোলন করা হয়। এরপর কালোব্যাজ ধারন করে নেতা কর্মিরা। আগামী ৯ জুন পর্যন্ত কালোব্যাজ ধারন করবে তারা। প্রথমে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই সময়ে কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস,জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, সৈয়দ আনিচুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মুনসুর আহমেদ, অধ্যাপক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুজিবুর রহমান, মাহতাব হোসেন সুরুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. ফয়জুল হক ফয়েজ, উপ- দপ্তর সম্পাদক এ্যাড. কাইয়ুম খান কায়সার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মিলন ভূইয়া, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান প্রমুখ। এরপর সকাল ১০টায় বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ জননীর কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করেন তার সন্তান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় সিটি কর্পোরশেননের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, এ্যাড রফিকুল ইসলাম লিটুসহ কাউন্সিলরগন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায় ক্রমে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মেয়র পতœী লিপি আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ জননী সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় নগরীর ৩০টি ওয়ার্ডে কোরআন খতম ও ধর্মীয় উপসনালয়ে দোয়া প্রার্থনা করা হয়। নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে গতকাল ফজর থেকে শুরু হওয়া কোরআন খতম আগামী ৯ জুন আছর পর্যন্ত চলবে। গতকাল বিকেলে নগরীর কালিবাড়ি রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বাস ভবন প্রাঙ্গনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দোয়া মোনাজাত করা হয়েছে। আগামী ৯ জুন দলীয় কার্যালয়ে রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে মহিয়সী নারীর প্রথম মৃত্যু বার্ষিকী পালনের কর্মসুচী শেষ হবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতের শহীদ শিশু সুকান্ত বাবুর মা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৭ জুন মারা যান। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর মুসলিম গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ সাহান আরা বেগম তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী। কাল রাতে তিনি গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। খুনীরা তাকে মৃত ভেবে চলে যায়। কিন্তু পাষন্ড ঘাতকদের গুলিতে শহীদ হয়েছেন তার শিশু পুত্র সুকান্ত বাবু আব্দুল্লাহ। জীবদ্দশায় সাহান আরা বেগম ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয় ও ভরসারস্থল।
