3:31 pm , June 1, 2021
বিশেষ প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আড়াইশ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলার প্রায় ১৪ হাজার গৃহহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঘর ও জমি বিতরন কার্যক্রম শেষ পর্যায়ে। ‘জমি নেই ঘর নেই’ এ প্রকল্পের অংশ হিসেবে প্রথম পর্যায়ে প্রায় ১০৫ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৮৮টি পরিবারের মাঝে গত ২০ জানুয়ারী দুই শতাংশ জমি সহ ঘর বিতরন করা হয়। চলতি মাসের মধ্যে ১৪৫ কোটি টাকা ব্যয়ে আরো ৭ হাজার ৬২৭টি পরিবারের জন্য ঘর নির্মান কাজ শেষ হচ্ছে।
সরকারের নিজস্ব তহবিল থেকে সারা দেশে এ ধরনের ঘর বিতরন কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের শুরু থেকে। ‘দেশের প্রতিটি মানুষের জন্য আবাসন সুবিধা সৃষ্টি’র লক্ষ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গত বছর থেকেই সারা দেশের মত দক্ষিণাঞ্চলের গৃহহীন ও অস্বচ্ছল মানুষের মাঝে ঘর বিতরন কার্যক্রম গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে গত জানুয়ারী থেকে দক্ষিণাঞ্চলের ৬ হাজার ৮৮টি পরিবারের প্রত্যেককে ২ শতাংশ জমি সহ ঘর বিতরন কার্যক্রম শুরু হয়।
এসব আবাসন প্রকল্পগুলো পরিপূর্ণভাবেই বিদ্যুৎ ও পানি সুবিধা সম্বলিত। এমনকি এসব আবাসনের নিবাসীদের সন্তানেরা যাতে পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যে প্রকল্প এলাকার নিকট দুরেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। পাশাপাশি আবাসন এলাকার কাছে কমিউনিটি ক্লিনিক সহ প্রাথমিক স্বাস্থ্য সুবিধাও নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে গভীর নলকুপও খনন করা হয়েছে। এ বছরের শুরুতে হস্তান্তর হওয়া ৬ সহ¯্রাধিক ঘরের প্রতিটির নির্মান ব্যয় ছিল ১ লাখ ৭১ হাজার টাকা করে। প্রতিটি উপজেলার ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাগন এসব ঘর নির্মানের বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন।
এ গৃহায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলায় আরো ৭ হাজার ৬২৭টি ঘর নির্মান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তবে আশ্রয়হীনদের জন্য এবারে নির্মানাধীন প্রতিটি ঘরের নির্মান ব্যয় দাড়াচ্ছে ১ লাখ ৯০ হাজার টাকা করে। সরকারী আবাসন প্রকল্পের এসব ঘর যেন আরো টেকসই ও অধিকতর সুবিধা সম্বলিত হয়, সে লক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল আহসান বাদল পুরো কার্যক্রমটি নিবিড় পর্যবেক্ষন সহ সার্বিক দিক নির্দেশনা প্রদান করছেন বলেও জানা গেছে।
এপ্রকল্পের কাজ শেষ হলে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলে নির্মিত ৭ সহ¯্রাধিক ঘর গৃহহীন ও অসহায় মানুষের মাঝে আনুষ্ঠনিকভাবে বিতরন করবেন বলে জানা গেছে।
